যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি যৌন অপরাধে দোষী সাব্যস্ত জেফরি এপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের যোগাযোগ-সংক্রান্ত কয়েকটি ইমেইল ফাঁস হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ইমেইলে ম্যান্ডেলসনকে এপস্টাইনের মুক্তির জন্য সহানুভূতি জানাতে দেখা গেছে। বিষয়টিকে ‘নিন্দনীয়’ মন্তব্য করে প্রধানমন্ত্রী তার পদ থেকে সরিয়ে দেন।
ম্যান্ডেলসন ব্রিটিশ রাজনীতিতে টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আগে মন্ত্রিসভার সদস্য ও ইউরোপীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ মিশনের উপপ্রধান জেমস রসকো।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আসন্ন যুক্তরাজ্য সফরের আগে এ সিদ্ধান্ত দুই দেশের কূটনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। কারণ ম্যান্ডেলসন যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বাণিজ্য ও পর্দার আড়ালের কূটনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তবে লন্ডন থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনে দুই দেশের সম্পর্কের ভিত্তি অটুট থাকবে।