ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান। সেখানে তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ইরানের অবকাঠামোগুলোতে পুরোদমে হামলা অব্যাহত রাখে।কাৎজ জানান, আসালুয়েহর এই পেট্রোকেমিক্যাল স্থাপনাটি দেশটির মোট পেট্রোকেমিক্যালের প্রায় অর্ধেক উৎপাদন করতো।
ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে আরো একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এই দুইটি কারখানায় ইরানের প্রায় ৮৫ শতাংশ পেট্রোকেমিক্যাল রপ্তানি করে থাকে। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি ইসরায়েল দুইটি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালিয়েছে।
এদিকে, রোববার লেবাননে হেজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হলে এতে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নিহত হন। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বিবিসিকে জানিয়েছে, হামলা মূল লক্ষ্যকে টার্গেট করতে ব্যর্থ হয়েছে। ওই হামলায় লেবাননের অন্যতম খ্রিস্টান সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির সিনিয়র নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ নিহত হয়েছেন।
এই হামলার জন্য দুঃখ প্রকাশ করছে আইডিএফ।