শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

পুশ ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত সংলাপের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
পুশ ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত সংলাপের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ ইন ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, এ ধরনের বিষয়ে সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় সময় বুধবার, ১৭ জুন নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ-ভারত সীমান্তে নারী ও শিশুদের মানবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় বহু নারী ও শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে তারা খাদ্য সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন।জবাবে স্টিফেন ডুজারিক বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মানবাধিকার এবং মানবিক মর্যাদা সম্পূর্ণভাবে সম্মান করা প্রয়োজন।

একই ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট নিয়েও প্রশ্ন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি অতীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উল্লেখ করে জানতে চাওয়া হয়, তার নতুন দায়িত্ব গ্রহণের পর রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে নতুন কোনো অগ্রগতির আশা করা যায় কি না।

জবাবে ডুজারিক বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব মূলত সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত। মহাসচিব ও সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যে যোগাযোগ হবে, তা সাধারণ পরিষদের কার্যক্রমকেন্দ্রিক বিষয় নিয়েই হবে। তবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট কাজ চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর