বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ এবং সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে বায়জীদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (০৭ নভেম্বর) গভীর রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (০৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। অভিযুক্ত বায়জীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মিঠু রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন। পরে ওই ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল করার পাশাপাশি অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার রাতে উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা তাকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোন থেকে পাঁচটি আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়েছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করে দেখা হচ্ছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’