মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার আকাশচুম্বী ওই ভবনে ‘হামলার’ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথি মিলিশিয়ারা গত জুলাই মাস থেকে সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ নতুন করে শুরু হয়।
স্থলভাগেও হুথি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। যে কারণে ইয়েমেনের স্বীকৃত সরকার চলতি মাসে দেশটির বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।