নড়াইলের লোহাগড়া উপজেলার এল এস জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী সমাবেশ হয়েছে। এছাড়া রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়।
দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডক্টর সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রিয়াদ।
এসময় আরও বক্তব্য রাখেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ নজরুল ইসলাম, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।