পাবনা শহরে দিনের বেলায় আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে থেকে রেজাউল করিম স্বপন নামের এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিববার দুপুর সাড়ে তিনটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদারী করেন। ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রোববার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার সংলগ্ন স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন।
তিনি ব্যাংকের কাছে পৌছালে ৮ থেকে ১০ জনের ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভিতরে টাকা নেই। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে। আশা করছি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।