ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের স্পর্শকাতক পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন জোট সরকারের শীর্ষ নেতারা আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। এখানে আইন ও সংবিধান পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
এদিকে, নিজেদের মধ্যে আলোচনার পর পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে মতামত দেয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরীক পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি’র মহাসচিব নায়ার বুখারি।
এর আগে, গত সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার জানায়, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি এবং সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে সংবিধানের আর্টিকেল ৬ ধারায় ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়। সরকারের এমন ঘোষণায় পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।