পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল এই সেক্টরেই একশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষি খাত। কেবল এই সেক্টরেই প্রায় ৭০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এরমধ্যে রোপা আমন, আউশ ও সবজি খেত মিলে প্রায় ৩ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে।
এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতিও চোখে পড়ার মতো। মৎস্য বিভাগের জেলা কর্মকর্তা ড. রাজু আহমদ জানান, বন্যার পানিতে পাহাড়ের ক্রিকবাঁধ, পুকুর ও দীঘি ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ ২০ কোটিরও বেশি। এসবের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এছাড়া বন্যায় বহু গরু-ছাগল মারা গেছে এবং পোল্ট্রি খামার ভেসে যায়।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বাছিরুল আলম জানিয়েছেন, এসব ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি প্রনোদনা দেয়ার চেষ্টা চলছে।