রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে সংঘটিত লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগের কথা জানিয়ে সংস্থাটি বলেছে, কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ভাঙচুরের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এগুলো বর্তমান সরকারের জন্য বড় ধরনের অশনিসংকেত।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে দলটির পক্ষ থেকে কঠোর আত্মশুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন, রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে যেভাবে লুটপাট ও জবরদখল চালানো হয়েছে তা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অত্যন্ত বিব্রতকর একটি দৃষ্টান্ত।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবং পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে দরিদ্র ও অসহায় মা-শিশুদের সেবাদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করার মাধ্যমে ক্ষমতাসীন দল আসলে জনগণের কাছে কী ধরনের বার্তা দিচ্ছে, সেই গুরুতর প্রশ্ন তোলেন তিনি।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর ঐতিহাসিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা দলের নেতাকর্মীদের এমন আচরণ জনমনে তীব্র হতাশার সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকেই বিজয়ের দাবিদার হয়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে সারাদেশে চাঁদাবাজি, দখলবাজি এবং আধিপত্য বিস্তারের ভয়াবহ অভিযোগ উঠছিল। ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও গাবতলীসহ দেশের প্রধান প্রধান বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল এবং ইন্টারনেট ব্যবসা পর্যন্ত হাতবদল হয়েছে। এই দখল নিয়ে নিজেদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সরকারি দল যদি তাদের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকার রক্ষা করতে চায়, তবে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্বার্থান্বেষী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করা না গেলে ভবিষ্যতে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে টিআইবি। অবিলম্বে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।