আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭৪ যাত্রী নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ৬ ক্রু-সহ ৩ জন এসকর্ট ছিলেন।
বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ ও কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এপি জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটেছে।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি উড়োজাহাজ দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে, বিস্তারিত কিছু জানাননি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধার অভিযানে একটি বিশেষ সামরিক কমিশন দুর্ঘটনাস্থলে গেছে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা উড়োজাহাজ বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে, তিনিও বিস্তারিত কোনো কিছু জানাননি।