লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া এবং ইরানি তেল বিক্রির অনুমতি বা ‘ওয়েভার’ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি আজ (রোববার, ২১ জুন) দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দিয়ে মিডল ইস্ট আইয়ের এ তথ্য জানিয়েছে।
ওই সূত্র জানায়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান প্রদর্শন না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রির জন্য প্রয়োজনীয় আইনি ছাড়পত্র বা ওয়েভার না পাওয়া পর্যন্ত ইরান তাদের অবস্থানে অনড় থাকবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে গত গতকাল (শনিবার, ২০ জুন) দ্বিতীয়বারের মতো হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় চার মাস এই পথটি কার্যকরভাবে বন্ধ করে রেখেছিল ইরান। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধের একটি প্রাথমিক চুক্তিতে সই করার পর এটি স্বল্প সময়ের জন্য খুলে দেয়া হয়েছিল। তবে ইসরাইলি হামলার জেরে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠলো।