বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, তারা জামায়াত-শিবিরকে দমাতে চেয়েছিল। এখন তারা নিজেরাই বিলীন হয়ে যাচ্ছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন। এখন বাংলাদেশের কোথাও আর তাদের প্রকাশ্যে দেখা যায় না। শেখ হাসিনা ক্ষমতায় ৪১ সাল পর্যন্ত থাকতে চেয়েছেন কিন্তু পারেননি। বাংলাদেশের ছাত্রসমাজ জীবনবাজী রেখে সেই পরিকল্পনা ধুলিস্যাৎ করে দিয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে জনগণকে সেবাদাসে পরিণত করতে চেয়েছিল। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তারা ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছিল। কিন্তু হয়েছে উল্টোটা। আন্দোলন আরও বেগবান হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, বাংলাদেশে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনোভাবেই নস্যাৎ হতে দেবে না জামায়াত। যেকোনো মূল্য বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।