উন্নয়ন কর্মকাণ্ডে চলমান স্থবিরতার মধ্যে চার প্রকল্প বাস্তবায়নে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ঋণ পেতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি করেছে সরকার। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে এ অর্থ খরচ হবে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে অর্থ মন্ত্রণালয়।এতে বলা হয়, এদিন রাজধানীর একটি হোটেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এডিবির মধ্যে চুক্তি সই হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এডিবির প্রেসিডেন্ট মাতাসা কান্দাসহ সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তি হওয়া প্রকল্পগুলো হলো- স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।
রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে গত দেড় বছরের বেশি সময় ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তেমন গতি নেই। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো ঋণ ও অনুদানের অর্থ ছাড় এবং ঋণের প্রতিশ্রুতি দুই-ই কম করেছে।
রোববার (২৪ মে) প্রকাশ হওয়া ইআরডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিদেশি অর্থছাড় হয়েছে ৪২৩ কোটি ৬২ লাখ ডলার; গত অর্থবছরের একই সময়ে যা ৫১৬ কোটি ৩৪ লাখ ডলার ছিল। অর্থাৎ কমেছে ১৮ শতাংশ। অপরদিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি মিলেছে ২৮০ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪২৫ কোটি ডলার। অর্থাৎ, ৩৪ শতাংশের বেশি কমেছে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ।
এর মধ্যে গত এপ্রিলে বিদেশি ঋণের কোনো প্রতিশ্রুতি না মেলার তথ্যও এসেছে। এ সময় এডিবি বড় ধরনের ঋণ দেওয়ার চুক্তি করায় অর্থনৈতিক সংকটে অর্থায়ন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্যে।
চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে (পশ্চিম এশিয়া) সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবির প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন বলে তুলে ধরে আমির খসরু বলেন, সে সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে। এই দীর্ঘমেয়াদী প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বড় অবদান রাখবে।