শীর্ষ সন্ত্রাসী এসএম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার দেখানো হয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায়। রাজধানীর নিউমার্কেট এলাকায় এ বছরের ২৮ এপ্রিল ঘটেছিল এ হত্যাকাণ্ড।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, আজ ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আকতার হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি জানান, ‘তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আশা করছি, ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা উঠে আসবে।’
চার দিন আগে উনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন, আবার থাইল্যান্ডের একটি বিমানে করে যাওয়ার পথে গ্রেপ্তার এই বিষয়টি আসলে কতটুকু সত্য এবং আসা যাওয়ার মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল কি না? প্রশ্নে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আসলে আমাদের ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে—সেই বিষয়টি কী ছিল, কোথায় যাওয়ার চেষ্টা করেছিল, কোথা থেকে আসার চেষ্টা করেছিল। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।’