বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। অন্যদিকে, বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্র সচিব নিয়োগের কথা জানায়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক দীর্ঘ কর্মজীবনে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়াম এবার ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।