হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের আমলের এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমে রীতিমতো চমকে গেছেন তদন্তকারীরা। অভিযানে প্রায় ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার (প্রায় ২৩০ কোটি টাকার বেশি) সমমূল্যের লুকানো নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সরকারি অর্থের সন্দেহজনক অপব্যবহার খতিয়ে দেখতে ‘জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা দপ্তর’ শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশটির আরও তিনটি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে খামারবাড়ি, গুদামঘর, একটি আবাসিক বাড়ি এবং একটি নির্জন স্থানে থাকা একটি মূল্যবান সিন্দুক থেকে বিপুল পরিমাণ হাঙ্গেরীয় ফোরিন্ট, ইউরো ও মার্কিন ডলার জব্দ করা হয়। এমনকি জঙ্গলের ভেতর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায়ও টাকার বান্ডিল পাওয়া গেছে।
সংস্থাটির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে কর্মকর্তারা মাটি খুঁড়ে টাকার বান্ডিল বের করছেন এবং সেগুলো পরীক্ষা করছেন। উদ্ধার হওয়া এ বিপুল অর্থ ইতোমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান শুক্রবার ফেসবুকে এক পোস্টে জানান, উদ্ধার হওয়া এ নগদ অর্থ গুনতে কোষাগারের ১২ জন কর্মীর টানা আট ঘণ্টা সময় লেগেছে।মূলত ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে থাকা মিকলোস সেজতাকের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়। সেজতাকের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জন্য অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং সরকারি বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৭২ লাখ ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সেপ্টেম্বরে তাকে আটক করা হলেও তিনি বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
শুধু সেজতাকই নন, পৃথক দুর্নীতির মামলায় ওরবান সরকারের আরও কয়েকজন সাবেক মন্ত্রীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর গিয়র্গি মাতোলসিও। কেন্দ্রীয় ব্যাংকের একটি ফাউন্ডেশনের অধীনে থাকা সরকারি সম্পদ অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
অন্যদিকে, ওরবান আমলের দুর্নীতির বিচার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে। জরিপ সংস্থা ‘মিডিয়ান’-এর এক সমীক্ষায় উঠে এসেছে, দেশটির ৭০ শতাংশ মানুষই মনে করেন আগের সরকারের আমলের সন্দেহজনক দুর্নীতিগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।
সূত্র: আল জাজিরা