রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ছবি-সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে। শুধু অক্টোবরের প্রথম ১৬ দিনেই ৯৭ জন মারা গেছেন। এর আগে সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৩১২ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯১ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন রোগী সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।

বিভাগভিত্তিক তথ্যে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৬৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০, খুলনায় ২৩৩, বরিশালে ১৯০, রাজশাহীতে ১৭৩, ময়মনসিংহে ৬৭ এবং রংপুর বিভাগে ৫৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর