রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান কারাগারে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান কারাগারে

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তিন দিনের রিমান্ড শেষে হাফিজুরকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে বিচারক আব্দুল্লাহ আমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম জানান।তিনি বলেন, “গ্রেপ্তার হাফিজুরের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।”

পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পায় পুলিশ। আদালত থেকে জানা যায়, মামলার তদন্তের অগ্রগতি জানতে আদালত থেকে সম্প্রতি পিবিআইকে চিঠি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা ৬ এপ্রিল আদালতে হাজির হয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য অনুমতি চান। পরে বিচারক তা মঞ্জুর করেন।

এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাত তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন বলে জানা গেছে। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

শুরুতে থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি।

প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর