অনলাইন ডেক্স :কুয়াকাটার দিকে ধেয়ে আসছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়। ক্রমশ শক্তি সঞ্চয় করছে এটি। ঘূর্ণিঝড়ের এই পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। এছাড়া আজ বুধবার, ২ আগস্ট সকাল সাড়ে ৯টায় ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। বাংলাদেশের কুয়াকাটায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে এটির। প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডব চালাতে পারে এটি।
এদিকে ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, আবহওয়ার খামখেয়ালিপনার কারণে মাত্র ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে ভারতের উড়িষ্যা উপকূলেও।