অনলাইন ডেস্ক : নরসিংদীতে বিএনপির ঘরোয়া সভা চলাকালীন সময়ে জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণসহ ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
গতকাল বুধবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে আগামী ৮ এপ্রিল উপজেলা অবস্থান ধর্মঘট সফল করতে ঘরোয়া সভা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
এ সময় পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে বোমা হামলার পাশাপাশি কার্যালয়সহ আশেপাশের বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে। তাছাড়া এক সিএনজি চালককে কুপিয়ে গুরুতর আহত করাসহ সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের অবস্থান ধর্মঘট কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন, বেলাব-মনোহরদী আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি ও অ্যাড. আব্দুল বাছেদসহ বিএনপির নেতৃবৃন্দ ঘরোয়াভাবে প্রস্তুতি সভা করছিল।
এ সময় হঠাৎ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি অফিসে অতর্কিত হামলা চালায়। তখন বিএনপির কার্যালয়ের প্রধান ফটক ভাঙচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় জেলখানা মোড়ে সিএনজি স্ট্যান্ডে হাসান নামে এক সিএনজি চালককে কুপিয়ে গুরুতর আহত করে তারা। এ সময় হামলাকারী ছাত্রনেতারা সময় টেলিভিশনের সাংবাদিকের মোটরসাইকেলসহ একটি অটো রিক্সার শোরুম ভাঙচুর করে।
এর আগে পদ-বঞ্চিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিল।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন বলেন, পুলিশের প্রত্যক্ষ মদদে কিছু সন্ত্রাসী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
হামলার পর পুলিশ সন্ত্রাসীদের নিরাপদে ফিরে যেতে সাহায্য করেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কি রাজনীতি করতে পারবো না? মিটিং করতে পারবো না? কোর্টে হাজিরা দিতে আসতে পারবো না? যেখানে যাচ্ছি সেখানেই আমাদের উপর হামলা হচ্ছে। আমাদের উপর হামলা হলেও পুলিশ আমাদের মামলা নেয় না।
তিনি আরও বলেন, কেন্দ্র ছাত্রদলের কমিটি দিয়েছে। সেখানে জেলা বিএনপি কি করার আছে। এই ইস্যুকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির কিছু নেতা বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছে।