মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ টাইম ভিউ
বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
ছবি-সংগৃহীত

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিএসইসিকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বেক্সিমকো যে ব্যবসায়িক চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান নিজেই পর্ষদ থেকে পদত্যাগ করতে সম্মতি দিয়েছেন।

তার ব্যক্তিগত পরিস্থিতির কারণে যাতে কোম্পানিটির সুনাম, মূল ব্যবসা কিংবা সাধারণ শেয়ারধারীদের কোনো ধরনের ক্ষতি না হয়, সেই বৃহত্তর স্বার্থেই তিনি পর্ষদ ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সালমান এফ রহমান গ্রেফতার হয়ে বর্তমানে কারাবন্দী রয়েছেন।

বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়েছে, সালমান এফ রহমানকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পর্ষদ গঠনের রূপরেখায় উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন মনোনীত পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

ইতোমধ্যে এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও কোম্পানিটিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দেশের শেয়ারবাজারের পাশাপাশি স্বনামধন্য লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত রয়েছে বেক্সিমকো ফার্মা। জানা গেছে, কোম্পানির সার্বিক স্বার্থ রক্ষার্থে বিদেশি বিনিয়োগকারীরাও সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনার সাথে একমত পোষণ করেছেন।বিএসইসি সূত্রে জানা যায়, পর্ষদ পুনর্গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের কোনো প্রতিনিধিকে পর্ষদে যুক্ত করার প্রস্তাব করা হলেও বিদেশি বিনিয়োগকারীরা তাতে সায় দেননি। ফলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়েই পর্ষদ পুনর্গঠনের কাজ চলছে।

তবে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার কারণে পর্ষদ পুনর্গঠনে ওই বাজারের নিয়মকানুনও কঠোরভাবে মানতে হচ্ছে। এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, যেকোনো নতুন পরিচালক নিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাই বা ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যার জন্য আনুমানিক চার থেকে ছয় সপ্তাহ সময় প্রয়োজন।

শেয়ারবাজার- সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের অন্যতম শীর্ষস্থানীয় ও ভালো কোম্পানি হলেও সালমান এফ রহমানের মালিকানা ও প্রত্যক্ষ প্রভাবের কারণে বিগত সময়ে এর সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এখন তিনি পর্ষদ থেকে পুরোপুরি সরে দাঁড়ালে তা কোম্পানির ভাবমূর্তি পুনরুদ্ধারে এবং ব্যবসা প্রসারে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের প্রতি সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এর আগে গত বছরের জুনে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মোট মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের হাতে, যার একটি বড় অংশে সালমান এফ রহমান যুক্ত রয়েছেন। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিদেশি শেয়ারহোল্ডার এবং ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর