শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন। মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় ঘুরতে যান হাসিব। এ সময় বালিশিরা রিসোর্টের সামনে তার পথরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬)।
এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে অটোরিকশায় বসে থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে দেখা যায়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রীতম দাশের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ জমা দেয়। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরই রাতে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”