রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ টাইম ভিউ
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
ছবি-সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলা এ গোলাগুলিতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে গোলাগুলির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকার ফুরিহোলা মোনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল অভিযান চালাতে যায়। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গোলাগুলির ঘটনায় জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই। এ অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

এদিকে, পাঁচ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে টানা ২৯তম দিনের মতো অবরোধ পালন করেছে সাজেক সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণরক্ষা অধিকার কমিটি। শনিবারও অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

অবরোধের কারণে প্রায় এক মাস ধরে সাজেক পর্যটনকেন্দ্রে অচলাবস্থা চলছে। পর্যটকদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতার কারণে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শত শত শ্রমিক, চালক ও ক্ষুদ্র উদ্যোক্তা কর্মহীন হয়ে পড়েছেন।

এ ছাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় বাঘাইহাট বাজারসহ কয়েকটি সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। বেড়েছে জনদুর্ভোগ।

সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সাজেকবাসীর পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ এক মাসে গড়িয়েছে। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চারটি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও একটি বিষয়ে আশ্বস্ত করা হয়নি। এ কারণে অবরোধ অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দাবি পূরণে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১৪ কিলো এলাকায় সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর