আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। এ পরিস্থিতিতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নাহিদ ইসলামের ভাষায়, “দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।”
ইশরাক হোসেনের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, তাঁর অভিযোগ অনুযায়ী, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এ ছাড়া মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।
দেশের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একজন ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনায় দেশ পরিচালিত হচ্ছে। তাঁর মতে, এমন পরিস্থিতি গণতন্ত্র ও আইনের শাসনের প্রতিফলন নয়।
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, কমিটির নামে সরকার এখনো নাটক করছে। দেশের মানুষ এই কমিটি প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে এবং তাঁদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসনের শামিল।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।