মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৫ টাইম ভিউ
৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। আগামী ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ জন্য দর্শকদের অতিরিক্ত কোনো বড় ব্যয় বহন করতে হবে না বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া এবং দেশের প্রচলিত নীতিমালা অনুসরণ করে সম্প্রচারস্বত্বের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।

তিনি বলেন, এ অর্থ সরাসরি বিটিভিকে বহন করতে হবে না। নীতিমালা অনুযায়ী টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচারস্বত্ব বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থই সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে খুবই সীমিত ব্যয়ে বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের সময় বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে জনগণের অর্থের অপচয় রোধে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি।

তিনি জানান, পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও যুক্ত ছিলেন। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত বিটিভির জন্য সম্প্রচারস্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে।

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারের সময় প্রায় ১০০ কোটি টাকার চুক্তির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সেই চুক্তির স্বচ্ছতা নিয়ে এখনও জনমনে প্রশ্ন রয়েছে।

তিনি আরও জানান, আগামী ১১ জুন বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা উঠছে। এর আগে গত রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে বিটিভির জন্য এই স্বত্ব কেনা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। বাংলাদেশের দর্শকরা এবারও বিটিভির পর্দায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসরের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর