সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার ১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স, প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, এবার ঈদে আমরা আরও বেশি মনোযোগী হবো। গতবার যেসব জায়গায় সামান্য ব্যত্যয় হয়েছে, সেগুলো আরও কার্যকর ও কার্যোপযোগী রাখতে আমরা কাজ করছি। আমি মনে করি এবার ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। মানুষ এবার আরও নিরাপদে ঢাকা ছেড়ে গ্রামে ফিরতে পারবে।

তিনি বলেন, ঈদযাত্রা সবসময় আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে দেড় কোটির বেশি মানুষ শহর ছেড়ে গ্রামে যাতায়াত করেন। এর জন্য সময় পাওয়া যায় সর্বোচ্চ তিন দিন। আড়াই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষকে নিরাপদে ও পর্যাপ্ত যানবাহন সুবিধা নিশ্চিত করে ঢাকা ছাড়ানো সত্যিই কঠিন। তবে আমাদের প্রস্তুতি ভালো আছে। গতবার ঈদযাত্রা ভালো হয়েছিল, তবে দুটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল, যা জাতিকে ব্যথিত ও মর্মাহত করেছে।

সেতুমন্ত্রী বলেন, এবার আমাদের চ্যালেঞ্জ আরও বেশি। কারণ কোরবানিযোগ্য প্রায় ৮০ লাখ পশু পরিবহন করতে হবে। সে কারণে আমরা আরও সাবধান, সতর্ক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। পশুর হাট যাতে মহাসড়কের কাছাকাছি না বসে এবং অস্থায়ী বাজার যাতে মহাসড়কে না ওঠে, সেদিকে নজর রাখা হচ্ছে। অতীতে যানজট সৃষ্টি হয়েছে এমন প্রায় ২০৮টি সংবেদনশীল মোড়ে ভ্রাম্যমাণ আদালত, সার্বক্ষণিক নজরদারি এবং হাইওয়ে পুলিশ মোতায়েনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সড়কে তিন চাকার যান চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, যত্রতত্র তিন চাকার যান যে কোনো সময় রাস্তায় না আসতে পারে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষত হাইওয়ে পুলিশের স্বল্পতা। প্রায় ৪৫ কিলোমিটার সড়ক দেখভালের জন্য মাত্র তিনজন হাইওয়ে পুলিশ পাওয়া যায়। হাইওয়ে পুলিশ চলাচলে থাকলে কখনো কখনো ব্যত্যয় ঘটে যায়। জনগণ যদি একটু সচেতন হন এবং সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করেন, তাহলে সরকারের ঈদ ব্যবস্থাপনা আগের চেয়ে আরও ভালো হবে।

ফিটনেসবিহীন গাড়ি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা কোনোভাবেই চাই না ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলুক বা যাত্রীরা সেগুলোতে উঠুক। রাতারাতি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, তবে ফিটনেসবিহীন কোনো গাড়িকে চলতে দেওয়া হবে না- এটা আমরা ঘোষণা দিয়েছি। হাইওয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ টিমগুলো এ বিষয়ে সচেষ্ট রয়েছে।

ঈদের সময় ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ঈদে ভাড়া দ্বিগুণ-তিনগুণ বেড়ে যায়- এটা আমি স্বীকার করি। তবে বাস স্টপেজ ও টার্মিনালগুলোতে নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে। দু-একটি জায়গায় ব্যত্যয় হলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া নিতে দেওয়া হবে না, এ বিষয়ে আমরা সজাগ আছি। তবে মহাসড়কের মাঝপথ থেকে যাত্রীরা নিজেরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তা প্রতিরোধ করা কঠিন হয়ে যায়।

তিনি বলেন, ঈদুল আজহার সময় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের বাস টার্মিনাল ও সড়কে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হচ্ছে। ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি ভ্রাম্যমাণ আদালত থাকলেও এবারের ঈদুল আজহায় থাকবে ৬৯টি।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর