দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান এবং তাঁর একক সংগীতানুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুনা লায়লা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। রুনা লায়লা জানান, দেশের বর্তমান পরিস্থিতির প্রতি সম্মান জানিয়েই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতির উন্নতি হলে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৫ জুলাই অনুষ্ঠানটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। আয়োজকরা চান, রুনা লায়লার নির্ধারিত বিদেশ সফরের আগেই দেশে এই বিশেষ আয়োজন সম্পন্ন করতে। আগামী ২৯ জুলাই তাঁর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি।
সম্মাননা অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে স্মৃতিচারণ করবেন। ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতাঙ্গনের গুণীজনরাও উপস্থিত থাকার কথা রয়েছে।
রুনা লায়লা বলেন, দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ হিসেবে তিনি এই আয়োজনকে বিশেষভাবে মূল্যায়ন করেন। তাঁর বিশ্বাস, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলে এটি শিল্পী ও দর্শক—উভয়ের জন্যই একটি স্মরণীয় সন্ধ্যায় পরিণত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের সম্মাননা ও একক সংগীতানুষ্ঠানের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে এই আয়োজনের আওতায় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন এবং সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার রুনা লায়লাকে সম্মানিত করার পরিকল্পনা নেওয়া হলেও বন্যা পরিস্থিতির কারণে তা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।