বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। আদালত আগামী ১৩ আগস্ট তানজিন তিশাকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি গ্রহণ করেন তানজিন তিশা। অভিযোগ অনুযায়ী, তিনি শাড়িটির প্রচারণা চালানো এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আর যোগাযোগ করেননি। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে আদালতে মামলা করা হয়।
তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতেই আদালত সমন জারির সিদ্ধান্ত নিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানান, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে। ফলে এখন মামলার পরবর্তী কার্যক্রম আদালতেই নিষ্পত্তি হবে। এদিকে তানজিন তিশা বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। সিনেমাটি মুক্তির আগেই আদালতের এই নির্দেশ তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।