নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া নামে দুই টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নরসিংদী সদর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধ দুই টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলের মালিক ইকবাল হোসেন টেকনিশিয়ানদের ডেকে এনে বয়লারটি মেরামতের চেষ্টা করেন। এ সময় বিকট শব্দের পর আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই টেকনিশিয়ান ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া দগ্ধ হন। তবে আহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ জানান, বিকেল পাঁচটার দিকে বয়লারে লিকেজ দেখা দিলে তিনি পাশের একটি মিল থেকে আগুন নেভাতে এগিয়ে যান। এ সময় মিলের মালিক ইকবাল হোসেনও সেখানে ছিলেন। আগুনের শিখায় তিনিও আহত হন বলে জানান রাজু।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। এ সময় নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, “শিল্পাঞ্চলে এ ধরনের ঘটনা নতুন নয়। মিলমালিকদের সচেতন করার চেষ্টা করেও প্রত্যাশিত প্রতিকার পাওয়া যাচ্ছে না।“
তিনি আরও বলেন, “মাধবদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ দূষণে ভরপুর। অথচ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানোর কাজে ওই নদীর পানিই ব্যবহার করতে হচ্ছে। মাধবদী শিল্পাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।“
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে আহত দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।