বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স চট্টগ্রামে তেলের গুদামে আগুন রাজধানীর শ্যামলীতে বাসে আগুন দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লা মাদ্রাসা : ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
ছবি-সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন সংক্রান্ত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জারি করা পরিপত্রে অতিরিক্ত সচিব (বাজেট-১) ড. জিয়াউল আবেদীন এ সংক্রান্ত সই করেছেন।

পরিপত্রে বলা হয়, সংশোধিত বাজেটের মোট ব্যয় মূল বাজেটে নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না। বরং মূল বাজেটের মধ্যে সরকারের অগ্রাধিকার, নীতি ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় খাতে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে।

এই নির্দেশনা সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে আগামী ২৬ নভেম্বরের মধ্যে।

নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত (সরকারি যানবাহনের তালিকাভুক্ত) গাড়ি প্রতিস্থাপন এবং নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা গাড়ি অবশ্যই বৈদ্যুতিক গাড়ি হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যাবে।শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণও বন্ধ থাকবে বলে নির্দেশনায় জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে কোনো ভবনের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে বাকি কাজের ব্যয় করা যাবে। জরুরি প্রয়োজনে অন্য ভবন নির্মাণের ক্ষেত্রেও আলাদা অনুমোদন নিতে হবে।

সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণের বরাদ্দও রাখা যাবে না। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের জন্য কোনো বরাদ্দ রাখাও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের বরাদ্দ রাখা যাবে। অন্যদিকে আপ্যায়ন, সেমিনার ও অনুষ্ঠান আয়োজনের জন্য বরাদ্দ রাখা যাবে। তবে এসব ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। সরকারের কৌশলগত লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করতে বলা হয়েছে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প সংশোধিত এডিপির মূল অংশে রাখা যাবে না বলে জানানো হয়েছে নির্দেশনায়।বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। চলতি অর্থবছর যেসব প্রকল্প শেষ হওয়ার কথা, সেগুলোও অগ্রাধিকার পাবে। ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই ধরনের ছোট প্রকল্প আলাদাভাবে না রেখে প্রয়োজনে গুচ্ছ প্রকল্প হিসেবে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। চলমান প্রকল্পের প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার সংস্থান নিশ্চিত করার পরই নতুন প্রকল্পে বরাদ্দ প্রস্তাব করা যাবে।

সংশোধিত পরিচালন বাজেট তৈরির ক্ষেত্রে ২০২৬ সালের জাতীয় বেতনকাঠামো অনুসরণের কথা বলা হয়েছে নির্দেশনায়। এ জন্য চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত বেতন-ভাতার ব্যয় বিবেচনায় নেওয়ার সুযোগ রাখা হয়েছে। রাজস্ব আয় ও পরিচালন ব্যয়ের সংশোধিত প্রাক্কলন তৈরির ক্ষেত্রে আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আয় ও ব্যয়ের ধারা বিবেচনা করতে হবে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর