বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি ১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া ভাট

১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ
১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন
ছবি-সংগৃহীত

গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে আ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার ঘটনা ঘটে।গোপালগঞ্জ: বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের মধ্যে এসব ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই সময়ে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করেছে আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারার তৈলাদ্বীপ এলাকায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে গতকাল বুধবার রাতে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তারা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর: গাজীপুরের ভুরুলিয়া এলাকায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মাল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে সেখানে আগুন ধরে যায়। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নাটোর: জেলার গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন মুদিদোকানে আজ ভোর পাঁচটার দিকে আগুনের ঘটনা ঘটে। উপজেলার বিয়াঘাট হাটপাড়া এলাকায় ওই নেত্রীর বাসার সামনেই দোকান দুটির অবস্থান। আগুনের ঘটনায় দোকানঘর দুটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

গুরুদাসপুর থানা, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে নাসিমা হকের বসতবাড়ির সামনে থাকা দোকানঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারা কীভাবে আগুন দিয়েছে-তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ময়মনসিংহ: বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেস নামের একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান, আজ ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা পেট্রলজাতীয় পদার্থ ঢেলে ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ভোর পৌনে চারটার দিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি স্কয়ার ফ্যাশনের পাশে পার্কিং করা ছিল। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। তিনি দ্রুত বের হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আজ ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল: গতকাল রাত ১২টার পর টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার উড়ালসড়ক থেকেও নিচের দিকে পেট্রলবোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গোড়াই হাইওয়ে থানার অদূরে মহাসড়কের সোহাগপুর এলাকায় সড়কের দক্ষিণ পাশে জুলাই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। রাত ১২টার পর কয়েকজন যুবক সেখানে এসে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে স্মৃতিস্তম্ভে আগুন ধরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময় দুর্বৃত্তরা গোড়াই এলাকার উড়ালসড়ক থেকে নিচের দিকে পেট্রলবোমা ছোড়ে। পরে আগুন নিভে যায়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানটির মালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েক হাজার লগি-বইঠা তৈরির অর্ডার নিয়েছিলেন জসিম ও রঞ্জু মিয়া দুই কাঠ ব্যবসায়ী। এর মধ্যে জসিম প্রায় ৩০০টি তৈরি করেছিলেন। পরের দিন সেগুলো সরবরাহ করার কথা ছিল। এর আগেই পুলিশ অভিযান চালায়। রঞ্জু মিয়াকে আটক করা যায়নি। তাঁদের দুজনের বাড়িই কটিয়াদী উপজেলা সদরে।

পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে এসব লগি-বইঠা তৈরির অর্ডার নেওয়া হয়েছিল। চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে এসব লগি-বইঠা তৈরি করা হচ্ছিল। লগি-বইঠা তৈরি বন্ধ করতে কটিয়াদী বাজারের সব করাতকল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

এদিকে ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা তা নিভিয়ে ফেলেন। গতকাল রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ‘যাতায়াত’ পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কিছু আসবাব পুড়ে গেছে। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউপি ভবনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ভেতরে ছড়িয়ে পড়লে বেশ কিছু আসবাব পুড়ে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, রাত একটায় হেলমেট পড়া এক দুর্বৃত্ত ইউপি ভবনের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক সেখানকার নাইট গার্ডসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে। আগুনে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাস ও ট্রাকে থাকা আরোহীরা নিরাপদে বের হয়ে আসায় কেউ হতাহত হননি।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ বারিক জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেয় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল মিয়া জানান, আজ সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর সেতু এলাকায় যাত্রীসেবা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনায় ট্রেনে, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলা সদর ও বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

পূর্বধলার জারিয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে জারিয়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ময়মনসিংহের বিশকা স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়।

পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে আজ ভোর পৌনে চারটার দিকে। ব্যাংকের সামনের বারান্দায় দরজার কাছে ছেঁড়া কাপড় ও বস্তায় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম জানান, নৈশপ্রহরীর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। আগুন বারান্দায় সীমাবদ্ধ থাকায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি।

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মধুসূদন সরকার প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের একটি জানালা খুলে প্লাস্টিকের বোতলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে কাঠের একটি চেয়ার পুড়ে গেছে। পাশে থাকা স্টিলের আলমারি কালো হয়ে গেছে।

এদিকে গতকাল রাত ১০টার দিকে নেত্রকোনা জেলা শহরের কাটলি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সারের (শুভ) পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ছাড়া বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী উত্তম কুমার সাহা, ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক ইমরান হাসান ওরফে সাকিব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরম ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান, চিরাম ইউপির সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমানসহ ১৩ নেতা-কর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

রাজশাহী: রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। গতকাল রাত ২টা ২৫ মিনিটে নগরের আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বাস পুড়ে যায়। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গতকাল রাত সোয়া ১১টার দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ঈশ্বরদী-বানেশ্বর সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের শাখা-সংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বারান্দায় রাখা একটি চেয়ারের ওপর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। একটি টিফিনবক্স আকৃতির পাত্রের ওপর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি বোমা কি না তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন গণমাধ্যমকে বলেন, বস্তুটি কীভাবে সেখানে এল, তা নিশ্চিত হতে আমরা কাজ করছি। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে ভোরের দিকে চাদর গায়ে দেওয়া এবং মুখে মাস্ক পড়া একটা ছেলেকে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। আমরা যাচাই বাছাই করে দেখছি আসলে ওই ছেলে সেখানে এটা রেখে গেছে কি না।

রংপুর: রংপুর মহানগরীতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ভোর চারটার দিকে দর্শনা রোডের বিএসটিআই কার্যালয়ের অদূরে সাজু মিয়ার গ্যারেজে ওই ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়া বাসটি শাপলা পরিবহনের।

সাজু মিয়ার গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম বলেন, আজ ভোরে মাস্ক পরা তিনজন হেঁটে গাড়ির পাশে যায়। আমি পাশের দোকানে একটা পান মুখে দিতেই দেখি গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। আর লোকগুলো দ্রুত চলে যায়। তাদের গায়ে সাদা শার্ট ছিল।

রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনোয়ারুল হক জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসে লাগানো আগুন নেভানো হয়েছে। ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে তাৎক্ষণিক ওই কার্যালয়ের নৈশপ্রহরী ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল রাত দুইটার দিকে উপজেলা পরিষদের পুকুর পাড়ে উপজেলা পরিষদের ডরমিটরি ও পশু হাসপাতালের পাশে থাকা গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় ঘটনাটি ঘটেছে। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে ওই ব্যাংকের কার্যক্রম চলছিল।

তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ জানান, যে বাসায় ব্যাংকের কার্যক্রম চলে, গতকাল গভীর রাতে সেটির দরজার সামনে কে বা কারা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ভেতরের আসবাব ও কাগজপত্র অক্ষত আছে।

সিলেট: সিলেট নগরের চালিবন্দর এলাকায় আজ ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সব কটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি নাশকতা নাকি শত্রুতাবশত কেউ করেছে, এটি পুলিশ খোঁজ করছে।

মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, চালিবন্দর এলাকার সিলেট ল কলেজের পাশে চারটি মিনিবাস দাঁড় করা ছিল। ভোরে স্থানীয় লোকজন বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তথ্য সূত্র: প্রথম আলো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর