নিরাপদ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।’
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর পৃথক সক্ষমতাকে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনতে সরকার ইতোমধ্যে নতুন পরিকল্পনা নির্দেশিকা প্রণয়ন করেছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, আধুনিক নিরাপত্তা কৌশল এখন প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত রূপ নিচ্ছে। তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এসব পরিকল্পনার অংশ।’
আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের সমন্বিত এই প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চেইন অব কমান্ড সশস্ত্র বাহিনীর শক্তির অপরিহার্য উপাদান। পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থাও তাদের শক্তি ও সাফল্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
২০৩০ সালের মধ্যে ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি তাদের ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও সরকার আন্তরিক।
এ প্রচেষ্টার অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’
তাঁবেদারি রুখতে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা
তারেক রহমান বলেন, দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে কখনও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ জীবন দিয়েছেন।
এ সময় তিনি শহিদদের প্রতি দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করেন। প্রথমত, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত, তাদের আকাঙ্ক্ষিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা।

দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দেশ ও জনগণের জন্য সশস্ত্র বাহিনীর যুগান্তকারী ভূমিকার কথাও তুলেন ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্গম পাহাড়ি জনপদ থেকে শুরু করে দুর্যোগকবলিত অঞ্চলে সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুরুষ ও নারী সদস্যরাও সুনাম অর্জন করেছেন।
সশস্ত্র বাহিনীর ভূমিকার জন্য জনগণ গর্বিত বলেও জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে হতাহত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান তারেক রহমান।
সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়ার অংশগ্রহণ
এদিন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রধানমন্ত্রী স্মৃতিকাতর হয়ে পড়েন। কারণ তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবনের অধিকাংশ সময় ঢাকা সেনানিবাসে কাটিয়েছেন।
তিনি স্মরণ করেন, রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা—দুই ভূমিকাতেই খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তারেক রহমান বলেন, ২০২৫ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তার মায়ের এ ধরনের শেষ অনুষ্ঠান। তিনি আরও বলেন, ‘আমি আল্লাহর দরবারে আমার মরহুম মায়ের মাগফিরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি।’

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করে।
নিজের বাবা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিজেও সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি সশস্ত্র বাহিনীর জন্য অনন্য গৌরব ও প্রেরণার উৎস।
তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলা শুরুর পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান নিজের রেজিমেন্টে ফিরে বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের একত্র করেন এবং স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে তুলে নেওয়ার নির্দেশ দেন।
১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতাকামী মানুষের উদ্দেশে আবারও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ‘রেডিওতে প্রচারিত ঘোষণাটি দেশের ভেতরে ও বিদেশে ছড়িয়ে পড়েছিল। এই ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।’
সশস্ত্র বাহিনীকে দুর্বল করার ষড়যন্ত্র
স্বাধীনতার পর থেকে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে অনুষ্ঠানে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার একটি অপচেষ্টা জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিলেন।
প্রধানমন্ত্রী ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পরাজিত একটি শক্তি মহাজোটের ব্যানারে পুনর্গঠিত হয়ে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সহযোগিতার জন্য বিদেশি বন্ধুদের ধন্যবাদ
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিদেশি কূটনীতিকদের ধন্যবাদ জানান তারেক রহমান। মুক্তিযুদ্ধের সময় অবদান রাখায় বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে উন্নত প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্যও দেশগুলোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখছে।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দেশের সশস্ত্র বাহিনী পূর্ণ অঙ্গীকার ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বক্তব্য শেষে তারেক রহমান স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।
বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহিদদের পরিবারের সদস্য এবং বিডিআর হত্যাকাণ্ডে শহিদ সেনা সদস্যদের উত্তরসূরিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।