দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত এক মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার দুই শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট চৌপান জনের প্রাণহানি ঘটেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন রোগী।
এর আগের দিন তিনজন মারা গেলেও ৪৬৭ জন আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। মৃতদের মধ্যে সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে, আর সবচেয়ে বেশি ৩ হাজার ৩১২ জন রোগী শনাক্ত হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৫ শতাংশ।