জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে যখনই অন্যায়, বৈষম্য ও শোষণ বেড়েছে, তখনই জনগণ স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানও সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে কোনোভাবেই লাভজনক রাজনৈতিক পণ্যে পরিণত করা উচিত নয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে, যাতে জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাকে কেউ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে।আওয়ামী লীগের সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, জুলাইয়ের চেতনাকে যেন সেই একই পথে পরিচালিত করা না হয়। তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং জুলাইয়ের আত্মত্যাগ—উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং এগুলোর মর্যাদা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধের অবদান কখনোই অস্বীকার করা যাবে না। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগও ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।
তিনি বলেন, দেশকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করার আন্দোলনে বিএনপির চেয়ারপারসন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য নেতা-কর্মী কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সফলতা অর্জন করেছে। এখন সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠন এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে।