জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ১০ হাজাার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকায় তিনানী পাড়া পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বসত বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রি করে আসছেন স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী রোজিনা আক্তার (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোজিনার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অভিযানে সত্যতা পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।