গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় ৭৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।