রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ জনের অধিক ব্যক্তি আটক হয়েছে বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জানাজার পর উপস্থিত কয়েকজন নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ধানমন্ডি এলাকার পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, মরদেহ বহনকারী গাড়ি নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে-এমন ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আটক করা হয়। আটকসংখ্যা যাচাই-বাছাই শেষে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ছিল কি না-এ বিষয়ে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের আটক করা হয়েছে, রাজনৈতিক পরিচয় বিবেচনায় নয়। যাচাই শেষে কেউ সাধারণ মানুষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়ার কথাও জানান তিনি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন। তার পরবর্তী জানাজা আগামীকাল মঙ্গলবার ভোলায় নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।