হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : নির্বাচিত হতে পারলে কলাপাড়াকে জেলায় রূপান্তরিত করা, খাদ্য নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, জননিরাপত্তা বিধান, পর্যটন শিল্প ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন পটুয়াখালী-০৪, কলাপাড়া আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় বসে তিনি এ ইশতেহার ঘোষনা করেন।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামীলীগ নেতা দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী, যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলমসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি ইশতেহারে আরো উল্লেখ করেন, কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থাসহ পর্যটন শিল্পের নানা উন্নয়নে ৩শো কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।