সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন আটক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ভাইরাল মিজান গ্রেপ্তার সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু জুলাই জাদুঘরের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুলের তরুণ নারীদের নেতৃত্বই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি : জুবাইদা রহমান রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার

স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার
ছবি-সংগৃহীত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ও সবুজে ঘেরা পেয়ারার বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাও’কে সঙ্গে নিয়ে নৌকায় ভাসমান পেয়ারাবাজার ও বিভিন্ন বাগান ঘুরে দেখেন তিনি।

এ সময় স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত এবং তাদের কাছ থেকে পেয়ারার চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে জানেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান পেয়ারাবাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পেয়ারার গুণগত মান তাকে আকৃষ্ট করেছে।মার্কিন রাষ্ট্রদূতের পেয়ারাবাজার ঘুরে দেখার কয়েকটি ছবি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পানির ওপর ভাসমান বাজার ও স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখে এই অঞ্চলকে বাংলাদেশের অসাধারণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।

ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষাকালে খাল–বিলের সৌন্দর্য ও নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ–বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। রাষ্ট্রদূতের এই পরিদর্শন স্থানীয় পেয়ারাচাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগানমালিকেরা।

নৌপথে লঞ্চে আজ সকালে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। আজ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশালে আসার কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে তাকে লঞ্চের ডেকে বসে নৌপথের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে রাষ্ট্রদূতের বরাতে লেখা ছিল, নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!

সর্বশেষ ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার পরিদর্শন করেছিলেন। তিনি নৌকায় হাট ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর