ময়মনসিংহের ত্রিশালে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে আলী হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২২ মে) রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামীম হোসেন। পরে অভিযুক্তকে ১৬৪ ধরায় জবানবন্দির জন্য আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন। তার কোনো জমিজমা ছিল না। তিনি ছিলেন দিনমজুর।
অভাবের সংসারে স্ত্রী আমেনা খাতুন (২৫) এবং দুই ছেলে ছিল। বড় ছেলের নাম আবু বক্কর সিদ্দিক (৪) ও ছোট ছেলে আনাছ (২ বছর ৬ মাস)। আলী হোসেন তার চাচার দেওয়া জমিতে ঘর নির্মাণ করে বসবাস করছেন। সংসারে সারা বছর অভাব অনটন লেগেই থাকত। ঠিকমতো তার সংসার চালাতে পারত না। তাই সে বিভিন্ন সময় তার স্ত্রী আমেনার নামে এনজিও থেকে টাকা তুলতেন। বেশ কিছুদিন আগে তিনি এনজিও থেকে ১ লাখ ৭০ হাজার ঋণ নেন। সেই টাকার কিস্তি পরিশোধ করতে না পারায় তাকে এবং তার স্ত্রীকে অপমান করতেন এনজিওকর্মীরা।