বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজা রাজধানীর উত্তরায় সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়।
তাহসিফ সাউরির বাবা একেএম এনায়েতুল করিম হেলাল গণমাধ্যমকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে তাহসিফ সাউরির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে উত্তরার বাসায় যান।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মরদেহের পেট ফোলা ছিল। এ ছাড়া নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।