শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের, অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ টাইম ভিউ
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের, অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৩টায় সেই প্রতিবেদন মন্ত্রণালয়ের হাতে আসে।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, যে ভবনে আদ্-দ্বীন হাসপাতাল পরিচালিত হচ্ছে সেটি হাসপাতাল পরিচালনার জন্য পুরোপুরি উপযোগী নয়। তদন্ত কমিটি হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড পরিদর্শন করে দেখতে পায়, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় কক্ষে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল। একই সঙ্গে স্বাভাবিক বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেখানে কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, এমন পরিবেশে নবজাতকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। তদন্তে ওয়ার্ডটির পরিবেশগত ত্রুটি এবং ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি আরও বলেন, তদন্ত সংশ্লিষ্টরা ওয়ার্ডের দায়িত্বরত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য ও প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দায়িত্বপ্রাপ্ত সেবিকাদের চরম অবহেলা এবং দায়িত্ব পালনে অসহযোগিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্-দ্বীন হাসপাতালের দায় উঠে এসেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, অক্সিজেন ঘাটতি এবং দায়িত্বে অবহেলাকে মৃত্যুর পেছনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর