সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে বাংলাদেশের চিঠি পেয়েছি: প্রণয় ভার্মা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৬ টাইম ভিউ
অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে বাংলাদেশের চিঠি পেয়েছি: প্রণয় ভার্মা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের পাঠানো আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, চিঠিটি দ্রুত বিবেচনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা ইতোমধ্যে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বৈঠকে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ডিজেলের চাহিদা মেটাতে ভারত ও চীনসহ বিকল্প উৎসের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ।

এর অংশ হিসেবে আগের চুক্তির চেয়ে বেশি পরিমাণে ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে চুক্তি অনুযায়ী ৫ হাজার টন ডিজেল পাঠানো শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন ২০২৩ সালের মার্চে চালু হয়।

চুক্তি অনুযায়ী, ভারত বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে। ২০২৬ সালের জন্য ১ লাখ ২০ হাজার টন সরবরাহের সূচি রয়েছে, যা প্রয়োজন হলে আরও ৬০ হাজার টন বাড়ানো সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর