অনলাইন ডেস্ক : ঢাকার আশুলিয়ায় এক আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেশীর একটি ছাগল চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাগলের মালিক এক নারী তিনজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ছাগল মালিক মনোয়ারা বেগমের লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগী আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় তার নিজ বাড়িতে তিনটি খাসি ছাগল পালন করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফাঁকা জায়গায় ঘাস খাওয়ানোর জন্য একটি ছাগল বেঁধে রেখে আসেন মনোয়ারা বেগম। দুপুরে সেখানে গিয়ে ছাগলটি না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে মাঠের উল্টো পাশে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে প্রতিবেশী কামরুল ও তার সহযোগী ইমান আলীসহ তিনজন ছাগলটিকে জবাই করছে এমন অবস্থায় দেখতে পান মনোয়ারা।
এ সময় চিৎকার করলে জবাইকৃত ছাগলটি রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাগলের মালিক।
ভুক্তভোগীর ছেলে ইয়ার হোসেন বলেন, ছাগলটি জবাই করা অবস্থায় রেখেই ওরা পালিয়ে যায়। এর আগেও ওই মাঠ থেকে আমাদের একটা বড় খাসি হারায় গেছে। এখন মনে হচ্ছে, ওইটাও ওরাই চুরি করে নিয়ে খেয়ে ফেলছে। আওয়ামী লীগ নেতার ভাই কামরুল খারাপ প্রকৃতির লোক।
এ ব্যাপারে আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য ও থানা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক লুৎফর রহমান জয় বলেন, যার খাসি সে হলো আমার ফুপাতো ভাই। আর যার নামে বলতেছে সে আমার আপন ছোট ভাই। আমি ভাইরে বুঝাইছি। কিন্তু ভাবী একটু রাগীতো সে থানায় গেছে। তবে থানা থেকে আমাকে বলছে, আপনারা নিজেরা নিজেরা তাই বিষয়টা বসে সমাধান করেন। পরে ইউপি চেয়ারম্যানকে বিষয়টা জানানো হয়েছে। শুক্রবার চেয়ারম্যান বসে যেটা করে সেটাই হবে।
এ বিষয়ে আশুলিয়া থানার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, চুরি করে একটা খাসি জবাই করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।