অনলাইন ডেস্ক: কক্সবাজারের সদর উপজেলার নাজিরারটেকে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেগুলো পচে-গলে প্রায় কঙ্কাল হয়ে গেছে। যদিও প্রাথমিকভাবে ১০টা মরদেহ উদ্ধার করা হয়েছিল।
আজ রবিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে লাশগুলো উদ্ধার করা হয়। এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। আরও কঙ্কাল আছে কি-না তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
যদিও ঠিক কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। এমনকি যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পচে-গলে কঙ্কালে পরিণত হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।