মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

গাড়িচালক সজিব হত্যা মামলায় তিন আসামির ফাঁসির রায়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
গাড়িচালক সজিব হত্যা মামলায় তিন আসামির ফাঁসির রায়
ছবি-সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলী থানার ট্রাকচালক মো. সজিব (২৭) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং থানার সাহেবপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. নুরুল আমিন, কুমিল্লার দেবিদ্বার থানার আবদুল্লাহপুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. শাহজাহান এবং ফেনী সদর থানার সাফিয়াবাদ এলাকার আমিনুল হকের ছেলে মো. নুরুল আলম টুটুল।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে দণ্ডবিধির ৩০২, ৩০১ ও ৩৪ ধারায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি নুরুল আলম টুটুল আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর মালামাল পরিবহনের কাজে বাড়ি থেকে বের হন ট্রাকচালক সজিব। এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ দিন পর, ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোড এলাকার একটি কৃষিজমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে স্বজনরা মরদেহটি সজিবের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় সজিবের ভাই ইকবাল হোসেন রবিউল পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে গেলে ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ২১ জনের সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে সোমবার তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর