শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
ছবি-সংগৃহীত

চিকিৎসায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসা অবহেলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে চিকিৎসা অবহেলায় মারা যাওয়া কনিকা মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, কনিকার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী বলেন, চিকিৎসকের অবহেলায় একজন মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কনিকার পরিবারের পাশে সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন বলেও জানান তিনি। এ সময় তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন কনিকা মন্ডল (৩৫)। অস্ত্রোপচারের পর পেট ফুলে যাওয়ায় ৩ জুলাই তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তাঁর পেটে গজ পাওয়া গেলে ৭ জুলাই অস্ত্রোপচার করে তা বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে কল্যাণপুরের ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর