জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রের লাইনে থাকা শিক্ষার্থীদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়। ভোটগ্রহণ শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোটগণনা শুরু হয়েছে। এবারের জকসু কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৭৩৫ এবং হল সংসদে ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ ছিল। মোট ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।