অনলাইন ডেক্স : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে এদেশে সামরিক শাসন জারি হয়েছিল। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে।
তিনি বলেছেন, জনগণই ভোটের মালিক, আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পাবে এদেশের মানুষ।
আজ রবিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে আ. লীগ সভাপতি বলেন, আপনাদের পদচারণায় গণভবন প্রাঙ্গণ আজ ধন্য। অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ হলো।
প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালে বাংলাদেশ যাত্রা শুরু করবে। জনগণ চাইলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পরে একটা চক্রান্ত শুরু হয়। সেই চক্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠান সঞ্চালনা করেছেন- দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।